তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া আবু তালেব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদ হারুর ছেলে।
গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ০৮।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, মামলার আসামি আবু তালেবকে গ্রেপ্তার করার পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।










