দুই শ’ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট বাজারে আসছে আগামী ১৮ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মত এই নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিস থেকে নোটটি পাওয়া যাবে। একই সঙ্গে ১০০ টাকা মূল্যমান স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমান স্মারক নোট ছাড়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গভর্নর জনাব ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি অন্যান্য ব্যাংক নোটের মত দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।
১০০ ভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি/৬৩ মিমি। স্মারক ব্যাংক নোটটির সম্মুখভাগের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ‘২০০’ ও ‘২০০’ ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।









