Home অর্থনীতি লক্ষ্য পূরণ হচ্ছে না ব্যাংক খাতের

লক্ষ্য পূরণ হচ্ছে না ব্যাংক খাতের

0
78
পরিবেশবান্ধব ও টেকসই শিল্পে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে করতে পারছে না দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত বছর এই দুই খাতে অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, মোট ঋণের ২০ শতাংশ টেকসই প্রকল্পে বিতরণ করতে হবে। আর পরিবেশবান্ধব খাতে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ ঋণ দেওয়ার শর্ত রয়েছে। প্রাপ্ত তথ্য বলছে, গত বছর টেকসই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ হয়েছে সাড়ে ১১ শতাংশের মতো। আগের বছর বিতরণের এই হার ছিল আরও কম, মাত্র ৮ শতাংশ। আর পরিবেশবান্ধব খাতে গেছে ৪ দশমিক ৯৭ শতাংশ। আগের বছর এ খাতে ঋণ বিতরণ হয়েছিল মাত্র ৩ শতাংশের মতো।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, টেকসই অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে দুই বছর ধরে বিভিন্ন মানদণ্ডে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) টেকসই রেটিং বা মান প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবছর ১০টি ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠানকে এ রেটিংয়ে যুক্ত করা হচ্ছে।
টেকসই অর্থায়ন বলতে পরিবেশ ও সামাজিক উন্নয়ন, ঋণের গুণগত মান এবং কর্মসংস্থানে ভূমিকা রাখে এমন খাতে ঋণ বিতরণকে বোঝায়। টেকসই প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা ও সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্প ইত্যাদি। অন্যদিকে সবুজ প্রকল্পে অর্থায়নের মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য
ঠিক রাখার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এ ক্ষেত্রে বিদ্যুৎ, পানি ও কাগজের খরচ কমানোর উপযোগী প্রতিষ্ঠান ও কারখানাগুলোকে ধরা হয় সবুজ শিল্প হিসেবে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই শিল্পের সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে এ দুই খাতে অর্থায়ন বাড়াতে নীতিমালা জারি করে টার্গেট বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ২০১১ সালের জানুয়ারিতে জারি করা নির্দেশনা অনুযায়ী, পূর্ববর্তী বছরের মোট ঋণস্থিতির অন্তত ১৫ শতাংশ নতুন বছরে টেকসই অর্থায়ন করতে হবে। এর মধ্যে অন্তত ২ শতাংশ দিতে হবে সরাসরি পরিবেশবান্ধব খাতে। তবে কোনো অবস্থায় নতুন বিতরণ করা ঋণের মধ্যে টেকসই খাতে ২০ শতাংশের কম হবে না। আর পরিবেশবান্ধব খাতে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ ঋণ দেওয়ার শর্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত বছর টেকসই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৬২ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের মাত্র সাড়ে ১১ শতাংশ। আগের বছর বিতরণের পরিমাণ ছিল ৮২ হাজার ৫৫১ কোটি টাকা বা ৮ শতাংশ। অন্যদিকে গত বছর পরিবেশবান্ধব প্রকল্পে ব্যাংকগুলো ১২ হাজার ২২৬ কোটি টাকা অর্থায়ন করেছে, যা ব্যাংকগুলোর মোট মেয়াদি ঋণের ৪ দশমিক ৯৭ শতাংশ। আগের বছর এ খাতে ঋণ বিতরণ হয়েছিল ৭ হাজার ২৩২ কোটি টাকা বা ৩ দশমিক ০৬ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই তিন মাসে দেশের ব্যাংকগুলো টেকসই প্রকল্পে অর্থায়ন করেছে ৩৯ হাজার ৯৮৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৭৫ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে ১ হাজার ১১৬ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২০ দশমিক ০৫ শতাংশ।
প্রতিবেদনে আরও দেখা যায়, গত বছরের শেষ তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো টেকসই প্রকল্পে ঋণ বিতরণ করেছে ১ হাজার ৯৭০ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ৩১ হাজার ৪৭১ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ৫৯৯ কোটি টাকা। আর বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ২ হাজার ৯৪৬ কোটি টাকা। অন্যদিকে এ সময় পরিবেশবান্ধব প্রকল্পে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অর্থায়নের পরিমাণ ছিল ২৫৪ কোটি টাকা। এ ছাড়া এ খাতে বেসরকারি ব্যাংকগুলো ৩ হাজার ৭৪১ কোটি, বিদেশি ব্যাংকগুলো ৫৪ কোটি ও বিশেষায়িত ব্যাংকগুলো মাত্র ৬৬ লাখ টাকার অর্থায়ন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here