মোহাম্মদ মাকসুদুল হাসান ভূঁইয়া রাহুলঃ
বৈশ্বিক খেলাধুলার জগতে ক্রিকেটেই বেশি পরিচিত বাংলাদেশ৷ ক্রিকেটের তিন সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাংকিয়ে সেরা দশেই রয়েছে বাংলাদেশের অবস্থান। সে হিসেবে ফুটবল জগতে আমাদের প্রাপ্তি ততটা জোরালো অবস্থানে নেই!
ফুটবলে বাংলাদেশের অর্জন খুব বেশি না হলেও ফুটবল নিয়ে এদেশের মানুষের উত্তেজনার কোনো কমতি নেই! তবে সেটা বাংলাদেশ নিয়ে নয়, ভিনদেশী ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে! বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, বাংলাদেশের ফুটবল দর্শক শিবির দু’ভাগে বিভক্ত- ব্রাজিল ও আর্জেন্টিনা!
পেলে-ম্যারাডোনাদের দেশের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের এত টানের সঠিক ব্যাখ্যা হয়তো কেউ দিতে পারবেন না, তবে দল দুটোর প্রতি ভালোবাসা দেখানোয় কোনো কমতি নেই তাদের বাংলাদেশী ভক্তদের! প্রতি বছরই বিশ্বকাপ বা কোপা আমেরিকার সময় দু’দেশের বাংলাদেশী সমর্থকদের বাড়ির ছাদে ছাদে উড়ে আকাশী সাদার আর্জেন্টিনা আর হলুদ ছোঁয়ানো ব্রাজিলের পতাকা!
কোপা আমেরিকার ফাইনালে এবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১৪ বছর পর বড় কোনো কোনো টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে দল দুটোর! ফুটবল সমর্থকরাই নন শুধু, খেলোয়াড়েরাও হয়তো চাইতেন যেনো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হোক! আর্জেন্টিনা ফাইনালে উঠার আগেই খোদ ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জানিয়েছিলেন যে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে ফাইনালে দেখতে চান তিনি৷
আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালেও উঠে গেছে। তাই এবারের ফাইনালের উত্তেজনার পারদটা যে চরমে উঠতে যাচ্ছে, সেটা সন্দেহাতীত! সেই উত্তেজনা ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম ছাড়িয়ে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দু’দলের বাংলাদেশী সমর্থকদেরও যে ছুঁয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না!
ব্রাজিল-আর্জেন্টিনার এদেশীয় সমর্থকগণ দল দুটোর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কিছুটা আগ্রাসীও যেনো হয়ে উঠেছেন আজকাল! সম্প্রতি বাংলাদেশের জেলা ব্রাহ্মনবাড়িয়ায় দু’দলের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে! এতে উভয়পক্ষের বেশ কজন সমর্থক আহত হয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে জেলাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আর্জেন্টিনার একমাত্র ইংরেজি ভাষার সংবাদমাধ্যম।
‘বুয়েনস এইরেস টাইমস’ নামের পত্রিকাটি সংবাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আর্জেন্টাইন পত্রিকার সংবাদটিতে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে বাংলাদেশ পুলিশের সতর্ক অবস্থানটির কথা তুলে ধরা হয়েছে। সংবাদে আরো বলা হয়, ‘কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগনের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যায়। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।’
ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর অনলাইন মাধ্যমেও আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল নিয়ে দেশ দুটোর বাংলাদেশী সমর্থকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ও খবরটি প্রকাশ করেছে। পাশাপাশি মিসরের সংবাদমাধ্যম ‘আল-আরহাম’র অনলাইন সংস্করণেও এ খবর প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, আগামী রোববারের কোপা আমেরিকার ফাইনাল ঘিরে যেকোনো ধরণের সংঘর্ষ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাছাড়া করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে জনগণকে বাইরে বের না হয়ে যার যার বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রিয় দলের প্রতি ভক্তদের ভালোবাসা কিংবা বিপরীত দলের প্রতি আগ্রাসন যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে দিনশেষে ফুটবল দ্বৈরথ কিংবা ভক্তদের আগ্রাসন ছাপিয়ে জয়ী হোক আর্জেন্টিনা-ব্রাজিলের নান্দনিক ফুটবল এটাই প্রত্যাশা।









