Home জাতীয় ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

0
146
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। যদিও সকাল ৬টায় ট্রেনটির ছাড়ার কথা ছিল।
জানা গেছে, ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো কাছাকাছি সময়ে ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে। এখন পর্যন্ত ছেড়ে যাওয়া অন্য আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে- পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ‘এখন পর্যন্ত ১০টি ট্রেনের মধ্যে আটটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।’
রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদযাত্রা শুরুর দিন অর্থাৎ আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here