কাজের সন্ধানে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এসে খুন হলেন সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক। আজ রোববার ভোরে পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল শেরপুর জেলার সদর উপজেলার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।
সাইফুলের ভগ্নিপতি শফিকুল ইসলাম বলেন, আমার শ্যালক বেকার থাকায় আমার কাছে কাজের সন্ধান চেয়েছিল৷ তাকে আমি আমার কর্মস্থল মুন্সিগঞ্জ আসতে বলি৷ ভোর ৪টার দিকে বাস থেকে পঞ্চবটিতে নামার কথা ফোন করে জানিয়েছিল সাইফুল৷ এ সময় আমি তাকে একটি অটোরিকশা নিয়ে মোক্তারপুর আসতে বলি৷ এর কিছুক্ষণ পরই পুলিশ খবর দেয় যে, সাইফুল খুন হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, নিহতের হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তার প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র ছাড়া আর কিছু পাওয়া যায়নি৷ তিনি রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে আপাতত ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









