আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ‘টাইটান সাবমার্সিবল’ ডুবোযানের পাঁচজন আরোহীই মারা গেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়ে গেছে। যে পোস্টে ১০ বছর আগেই দাবি করা হয়েছিল যে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ভয়াবহ পরিণতি হবে ধনকুবেরের।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও সিএনবিসি টিভি১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবোজাহাজ ‘টাইটান’র ভয়াবহ পরিণতি হয়েছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়ে গেছে, যেটি ২০১৩ সালের ১ নভেম্বর করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
ওই পোস্টে দাবি করা হয়েছিল, এক নারী নাকি স্বপ্ন দেখেছিলেন যে এক বিলিয়নিয়ার টাইটানিকের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আর ঠিক সেটাই হয়েছে।
এমন ঘটনায় সবাই হতবাক। তারা বুঝে উঠতে পারছেন না যে কীভাবে ১০ বছর আগের একটি পোস্টের সঙ্গে টাইটানের ঘটনা মিলে গেল। নাকি পুরো বিষয়টি প্রযুক্তির কারসাজি, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা।






