নথি দেখে সাক্ষ্যগ্রহণ বন্ধে খালেদা জিয়ার আবেদন

0
30

নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে আজ সোমবার তার পক্ষে এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ আবেদন করা হয়।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ চুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটি বর্তমানে ঢাকার আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

এর আগে, ৩০ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জে করা বিএনপি চেয়ারপারসনের আবেদন খারিজ করেন। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলবে।

ওই সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here