বন্যার পানির নিচে তলিয়ে গেছে পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা। মঙ্গলবার দেশটির পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। মন্ত্রী জানান, বন্যায় মৃত্যু হাজার ছাড়িয়েছে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল।
শেরি রহমান বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। অতীতের প্রতিটি সীমা, প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। এর আগে কখনো এমন পরিস্থিতি দেখেননি তারা।
বন্যায় গত জুন থেকে এ পর্যন্ত ১ হাজার একশ ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারি বৃষ্টি হয়নি। এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম জানায়, ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সেচে ফেরার জন্য কোনো শুকনো জমি নেই। তিনি একে অকল্পনীয় সংকট বলেও উল্লেখ করেছেন।









