পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত

0
44

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে দারিয়া ডুগিন গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে বাড়ি যাওয়ার পথে মস্কোর কাছের একটি জায়গায় গাড়িতে আগুন ধরে মারা যান তিনি। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার একই গাড়িতে একটি ইভেন্ট থেকে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল আলেকজান্ডার ডুগিন ও তার মেয়ের। কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে তারা আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ডুগিনের মেয়ে যে গাড়িতে ছিলেন, তা দাউদাউ করে জ্বলছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

ডুগিনের মেয়ে দারিয়া ডুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি। ইউক্রেনে রুশ হামলার বিষয়ে অনলাইনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে এই বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

বিবিসি জানিয়েছে, দারিয়া ডুগিনের বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত। তিনি কট্টরভাবে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও তাকে বিবেচনা করা হয়। তিনি এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা আরআইএ নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কোর ওডিনসোভো জেলার একটি মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ব্যাপারে ক্রেমলিনের তরফ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here