র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ আজ বৃহস্পতিবার বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই র্যাব কর্মকর্তার মরদেহ গতকাল বুধবার সন্ধ্যা ৭টার পর ঢাকায় পৌঁছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মোহাম্মদ ইসমাইলের প্রথম জানাজা গতকাল বাদ এশা তার নিজ এলাকা রাজধানীর কালশীতে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় র্যাব সদর দপ্তরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরির্দক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন। পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
র্যাব জানায়, গত ২৭ জুলাই ইসমাইল ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।










