করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানোর পরামর্শ দেয় করোনা–সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।
সারা দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। ৭ জুলাই মধ্যরাতে তা শেষ হবে। এখন আরও সাত দিনের কঠোর বিধিনিষেধ বাড়িয়ে ১৪ জুলাই মধ্যরাত অবধি বিধিনিষেধ বাড়ল।
সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। ফলে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধও বহাল থাকল। বিধিনিষেধ ১৪ জুলাই অবধি বাড়ানো হয়েছে। তবে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চালু থাকবে।
সোমবার (৫ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিধিনিষেধ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ৮ জুলাই থেকে ১৪ জুলাই অবধি বন্ধ থাকবে। তবে মেডিকেল পণ্য ও ত্রাণ পরিবহন-সংক্রান্ত ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে। এসব ফ্লাইট পরিচালনার সময় জীবাণুনাশক কার্যক্রম, সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে বেবিচক।










