বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ও আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে রাজবাড়ীর পাংশায় হাজির হন হাজার হাজার ফুটবল ভক্ত।
শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের মুখোমুখি হয় শক্তিশালী পাংশা উপজেলা ফুটবল একাদশ।
সরেজমিনে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, খেলা শুরু হবার আগেই মাঠ কানাই কানাই পূর্ণ। ২০ টাকার টিকিট কেটে দল বেধে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা খেলা দেখতে মাঠে এসেছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও ব্যারিস্টার সুমনকে একনজর দেখতে মাঠে ভিড় করেছে।
খেলা দেখতে আসা দর্শক শফিকুল ইসলাম বলেন, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আজ মাঠে এসেছি। আশা করছি খেলাটি অনেক উত্তেজনাকর হবে।
অপর দর্শক রাসেল শেখ বলেন, প্রায় ২০ বছর পর পাংশা উপজেলায় জর্জ স্কুল মাঠে এতো বড় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। প্রচুর ফুটবল প্রেমী দর্শক মাঠে খেলা দেখতে এসেছে। আমিও খেলা দেখতে এসেছি।







