Home প্রচ্ছদ শেখ হাসিনাকে এতিম করা বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে : কাদের

শেখ হাসিনাকে এতিম করা বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে : কাদের

0
28

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ এর বঙ্গবন্ধু হত্যার পর ৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল খুনিরা। হত্যা, হত্যা ডেকে আনে। জিয়াউর রহমান নিজেও বাঁচতে পারেনি। যে বুলেট শেখ হাসিনা-শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে।

সোমবার (২৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মঈন খান বলে তারেক রহমানকে আওয়ামী লীগ সরকার ভয় পায়। তিনি এত সাহসী মানুষ মুচলেকা দিয়ে পালিয়ে গেল লন্ডনে। সে বলে গেল রাজনীতি আর করবে না। এখন আন্দোলনের ডাক দেয় রিমোট কন্ট্রোল হিসেবে। মনে করে তার ডাকে বঙ্গোপসাগরের সব জল ঢাকা শহর গ্রাস করবে। এত সোজা না।

তিনি বলেন, রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে একজন দণ্ডিত আসামি ফরমাশ দিলো আন্দোলনের। আর বাংলাদেশের সব মানুষ সেই আন্দোলনে এসে যোগ দেবে। ১০ তারিখে দেশ চালাবে খালেদা জিয়া, ১১ তারিখে তারেক রহমান আসবে দেশে, বলেছিল না। সেই আন্দোলনের কি হলো- ১০ তারিখ নাই, ১১ নাই। এদিকে একবার দেখেছি ৫৪ দল, আবার দেখি ৩২ দল, আবার দেখি ৩৭ দল। একবার দেখি ২৭ দফা আবার দেখি ১০ দফা আর সর্বশেষ এক দফা। কি হলো, পল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেল। সেই যে হোঁচট খেলো, সেই আন্দোলনের আর খবর নেই। জনগণ যে আন্দোলনে নেই, সে আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয় না।

তিনি বলেন, বাংলাদেশে অবিস্মরণীয় যে উন্নয়নের জোয়ার বয়ে গেছে এর সঙ্গে রয়েছে আমাদের প্রকৌশলীরা। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। অনেক মেধাবী প্রকৌশলী বাংলাদেশে আছে। আজকে ৪ লেন, ৬ লেন, ৮ লেন, ১০০ সেতু একদিনে উদ্বোধন- এগুলোতো ইঞ্জিনিয়ারদের গল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here