গত ৭ অক্টোবরের হামাসের হামলার ব্যাপারে গোয়েন্দারা তথ্য দিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর ওই মন্তব্যের পর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় ফাটল দেখা দিয়েছে। তার এমন মন্তব্যের পর ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ সৃষ্টি এবং প্রতিরক্ষা বাহিনীর সাথে বিবাদ স্পষ্ট হওয়ায় অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি।
দক্ষিণ ইসরায়েলে তিন সপ্তাহ আগে হামাসের হামলা ঘিরে গোয়েন্দা তথ্য এবং কার্যক্রমের ব্যর্থতার দায় নেতানিয়াহু না নিয়ে প্রতিরক্ষা বাহিনীর কাঁধে চাপিয়ে দেওয়ায় জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোয়েন্দাদের ব্যর্থতার কারণে ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। এ নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে তোপের মুখে পড়েন তিনি। পরে এক্সে দেওয়া পোস্ট মুছে দিয়ে সামরিক বাহিনী ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
হামাসের হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেটসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অর্থমন্ত্রী পর্যন্ত নিজেদের ব্যর্থতা স্বীকার করলেও নেতানিয়াহু তা করেননি। তিনি কেবল বলেছেন, যুদ্ধের পর তিনিসহ অন্যদের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে।
রোববার ইসরায়েলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় নেতানিয়াহুর মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে সামরিক বাহিনীর মুখপাত্র কোনো মন্তব্য জানাতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধে রয়েছি, যুদ্ধের দিকে মনোনিবেশ করছি।’
নেতানিয়াহুর এক্সে দেওয়া পোস্টে বলা হয়, হামাসের যুদ্ধের আগ্রহ সম্পর্কে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কোনো সময় এবং কোনো পর্যায়েই সতর্ক করা হয়নি। বিপরীতে সামরিক গোয়েন্দা প্রধান এবং শিন বেটের প্রধানসহ নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করেছিলেন, যুদ্ধের ব্যাপারে হামাসের সক্ষমতা এবং আগ্রহ নেই।









