রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমরা ১৬ জনের মরদেহ পেয়েছি। তাদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, আরও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের পাওয়া যায়নি। তারা আহত নাকি নিহত, তাও নিশ্চিত হওয়া যায়নি।
যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম আছিয়া, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন ও আব্দুল হাকিম সিয়াম।










