জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন দুই ভাই। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ সকালে খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে একটি দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। পরে দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তখন তাকে বাঁচতে এগিয়ে গেলে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।










