আজ সোমবার থেকে চারদিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে রাষ্ট্রপ্রধান কিশোরগঞ্জ জেলার হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন। এ ছাড়াও প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ২২ আগস্ট বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এরপর মিঠামইনে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাতযাপন করবেন।







