Home জাতীয় শয্যায় বৃদ্ধি, সেবায় অধোগতি

শয্যায় বৃদ্ধি, সেবায় অধোগতি

0
24

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক নেই। মোট ২১ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ১২ জন। এ ছাড়া ২২ জন স্বাস্থ্য সহকারী, ৯ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ মোট ৯০টি পদ শূন্য রয়েছে।

ওয়ার্ডগুলো অপরিষ্কার, ব্যবহারের অনুপযোগী শৌচাগার, ভবনের চারপাশে ও ড্রেনে ময়লা-আবর্জনা জমে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। নোংরা পরিবেশে মশা-মাছির উপদ্রব বেড়েছে। সেবায় এমন নিম্নগতি থাকলেও উপজেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু পূর্বের ২১ শয্যারই লোকবল নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেডিসিন, গাইনি, শিশু, চর্ম ও যৌন, অর্থপেডিকস, অপথ্যালমোলজি ও কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট, ইউনানি মেডিকেল অফিসার ও সহকারী ডেন্টাল সার্জনের মতো গুরুত্বপূর্ণ ৯টি পদ শূন্য।

এ ছাড়া পরিসংখ্যানবিদ, ক্যাশিয়ার, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), জুনিয়র মেকানিক, ২২ জন স্বাস্থ্য সহকারী, ৯ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ১ জন নিরাপত্তাপ্রহরী ও ৩ জন পরিচ্ছন্নতাকর্মীর পদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ৪৯টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে গড়ে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। এ ছাড়া প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকেন। হাসপাতাল থেকে বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ পায় সাধারণ রোগীরা।

৫৪ ধরনের ওষুধের বরাদ্দ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২৫ ধরনের। চিকিৎসক, জনবল, ওষুধসহ নানা সংকটে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রান্তিক রোগীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here