নতুন এক গবেষণায় দেখা গেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যাভ্যাসে অভ্যস্ত নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ কমে যায়। এই অঞ্চলের মানুষেরা প্রচুর শাকসবজি, ফল, ডাল ও বাদাম খেয়ে থাকে। এছাড়া প্রচুর অলিভ অয়েল ও মাছ থাকে তাদের খাদ্য তালিকায়। এই খাদ্যাভ্যাসেই নারীদের হৃদযন্ত্রের উপকার দেখাচ্ছে নতুন গবেষণা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, সারা পৃথিবীর নারী-পুরুষ উভয়ের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হৃদরোগ। যুক্তরাজ্যের হার্ট রিসার্চের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে ব্রেস্ট ক্যানসারে যে পরিমাণ নারীর মৃত্যু হয়েছে তার দ্বিগুণ বেশি মৃত্যু হয়েছে হৃদরোগে।
গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ধরনের খাবার খেলে ঝুঁকি কমতে পারে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের উপকার দেখা গেছে। এই অঞ্চলের মানুষের খাবারের তালিকায় লাল এবং প্রক্রিয়াজাত করা মাংসের পরিমাণ কম থাকে। গবেষণায় ১৮ বছরের বেশি বয়সী সাত লাখ নারীর তথ্য ব্যবহার করা হয়েছে। গড়ে তাদের সাড়ে বারো বছর ধরে হৃদযন্ত্র পর্যবেক্ষণ করা হয়।
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি দেখেছেন, যেসব নারী ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস নিবিড়ভাবে অনুসরণ করেন, তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ২৪ শতাংশ এবং অকাল মৃত্যুর ঝুঁকি ২৩ শতাংশ কম।
নিজেদের গবেষণার কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন গবেষকেরা। যেমন তারা জানিয়েছেন, খাদ্যাভ্যাসের তথ্য নিয়ে অংশগ্রহণকারী নারীর তথ্যের ওপর নির্ভর করা হয়েছে। অর্থাৎ তারা কোন ধরনের খাবার খেয়েছেন তা পর্যবেক্ষণের সুযোগ গবেষকদের ছিল না।
গবেষকেরা বলছেন, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে থাকা প্রচুর পরিমাণ আঁশ, নাইট্রেট, পলিফেনল, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় এই খাদ্যাভ্যাসে স্ট্রোকে মৃত্যুর ঝুঁকিও কমতে দেখা গেছে, তবে তা সংখ্যাগতভাবে উল্লেখযোগ্য নয়। সম্প্রতি আরেক গবেষণাতেও দেখা গেছে, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে পরবর্তী জীবনে স্মৃতি হারানোর ঝুঁকিও কমিয়ে দেয়।
নতুন গবেষণাটি সম্পর্কে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র ডায়েটিশিয়ান ভিক্টোরিয়া টেলর বলেন, দীর্ঘদিন ধরে জানা ছিল, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো খাবার হৃদযন্ত্রের জন্য ভালো, কিন্তু পুরুষদের তুলনায় নারীদের জন্য এটা আরও ভালো দেখতে পাওয়া উৎসাহব্যঞ্জক। সূত্র : ডেইলি রেকর্ড











