টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মিরহামজানি এলাকায় এ ঘটনা ঘটে।
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পি রানী সম্পর্কে মা-মেয়ে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল জানান, নিহত ওই চার নারী আজ ভোরে নিজ বাড়ি থেকে রেললাইন দিয়ে হেঁটে শল্লা যাচ্ছিলেন। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক।











