Home আন্তর্জাতিক আয়করে বিশাল ছাড় ভারতে

আয়করে বিশাল ছাড় ভারতে

মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রথম পূর্ণমেয়াদের নারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ শনিবার দেশটির সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। দ্বিতীয় দিনের মতো বাজেট বক্তৃতার শুরুতে তিনি আয়করের হার উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দেন।

টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদন অনুযায়ী, ঘোষিত বাজেটে নতুন কর ব্যবস্থায় বছরে ৫ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর না নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া ৫ থেকে সাড়ে ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

যাদের বার্ষিক আয় সাড়ে ৭ থেকে ১০ লাখ, তাদের কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ থেকে সাড়ে ১২ লাখ আয়ে কর হার ৩০ থেকে কমিয়ে ২০ এবং সাড়ে ১২ লাখ থেকে ১৫ লাখের ক্ষেত্রে কর হার ৩০ থেকে কমে হয়েছে ২৫ শতাংশ। তবে আয় ১৫ লাখের বেশি হলে পূর্বের মতো ৩০ শতাংশই বহাল থাকছে।

সীতারমনের ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতার উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে কৃষি ও এর সঙ্গে সম্পৃক্ত খাতে ২ হাজার ৮৩০ কোটি রুপি বরাদ্দ। কেন্দ্রীয় একটি পানি প্রকল্পের জন্য ৩ হাজার ৬০০ কোটি রুপিও বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। এছাড়া এই অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছে ৯৯ হাজার ৩০০ কোটি রুপি।

ভারতের এ বারের বাজেটকে কেউ বলছেন কয়েক দশকের মধ্যে কঠিনতম, কেউ বলছেন চ্যালেঞ্জিং। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্বের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। অর্থনীতিকে চাঙ্গা করতে করপোরেট করে ছাড় দিয়েও তেমন সুফল মেলেনি। এই আবহেই বাজেট পেশ করছেন নির্মলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here