ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শুক্রবার জাভায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক শূন্য ছিল বলে জানানো হয়েছিল।
ইউএসজিএসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, জাভা দ্বীপের উত্তরে সাগরে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫মিনিটে জাভায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা ভূপৃষ্ঠ থেকে ৬৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্প আঘাত হানার ২০ মিনিট পর দেশটিতে সাড়ে ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, সুরাবায়া, তুবান, সেমারাং এবং বালি দ্বীপের ডেনপাসার শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫ ছিল বলে জানিয়েছে। সংস্থাটির মতে, এই ভূমিকেম্পর উৎপত্তি হয়েছে জাভা দ্বীপের উত্তরে সাগরে ৫৯২ কিলোমিটার ভূগর্ভে।










