Home আন্তর্জাতিক ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেপ্তার

ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেপ্তার

0
46

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে আজ বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাহবাজ গিলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে দেশটির পুলিশ। পরে শুনানি শেষে আদালতের বিচারক উমর শাব্বির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী শুক্রবার তাকে আবার আদালতে তোলা হবে।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, শাহবাজ গিলের বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা হয়েছে। মামলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি একটি টকশোতে শাহবাজ গিল পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে কথা বলেন। সরকারপন্থিদের অভিযোগ, ওই টকশোর বক্তব্যের মাধ্যমে তিনি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ সঞ্চারের চেষ্টা করেছেন।

এদিকে, শাহবাজ গিলের গ্রেপ্তারকে অপহরণ হিসেবে আখ্যায়িত করেছেন পিটিআই নেতা ইমরান খান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here