Home জাতীয় করোনায় দেশে ফেরা কর্মীদের ফের বিদেশ পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

করোনায় দেশে ফেরা কর্মীদের ফের বিদেশ পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত দুর্যোগ কেটে যাওয়ার পর দেশে ফেরা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশ পাঠানো হবে। করোনার পর বিশ্ব বাজারে কৃষি ও স্বাস্থ্যখাতে কর্মীর চাহিদা বৃদ্ধি পেতে পারে। এই দুই খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। 

‘করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয়’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনও যোগ দেন। 

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য মোট ৭০০ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হবে। করোনা পরবর্তী আন্তর্জাতিক শ্রম বাজারের পরিবর্তিত চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের আবারও বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। বিরূপ পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য ভবিষ্যতে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেওয়া হবে। বিদেশ ফেরতদের জন্য সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।’ 

বৈঠকে বক্তারা বলেন, ‘মানবপাচার ঠেকাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রবাসী কর্মীদের জন্য বিশেষায়িত করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে- যাতে কেউ  ভুয়া করোনা নেগেটিভের রিপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারেন।’ 

প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় বৈঠকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফট্যানেন্ট জেনারেল মাহফুজুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ অংশ নেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here