Home অর্থনীতি মানুষ রক্ষার বাজেটে আয়ের জন্য অপেক্ষা করিনি: অর্থমন্ত্রী

মানুষ রক্ষার বাজেটে আয়ের জন্য অপেক্ষা করিনি: অর্থমন্ত্রী

নভেল করোনাভাইরাসের মহামারীর সময় সরকারের বাজেটকে ‘মানুষকে রক্ষার’ উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘এবারের বাজেট মানুষকে রক্ষা করার জন্য। তাই প্রধানমন্ত্রী চিন্তা করেননি, টাকা কোথা থেকে আসবে। আগে টাকা আয় করে খরচের চিন্তা করতে হতো। এবার কিন্তু উল্টোটা করেছি। মানুষকে বাঁচাতে হবে। তাই আয়ের অপেক্ষা না করে খরচের হিসাব করেছি।’

আজ শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অর্থমন্ত্রী এমন কথা জানান। করোনা পরিস্থিতি প্রথমবারের মতো এবছর বাজেটোত্তর সংবাদ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। সংবাদ সম্মেলনের শুরুতেই বাজেট নিয়ে সূচনা বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘মানুষকে খাবার দিতে হবে। গ্রামীণ অবকাঠামো ঠিক করতে হবে। অর্থ যা-ই লাগবে, ব্যবস্থা করতে হবে। প্রথমে খরচ করব, তারপর আয় করব। আয় অবশ্যই করব। আয়ের জন্য অপেক্ষা না করেই খরচ করেছি।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এ যাত্রায় দেশের সব মানুষের সহযোগিতা চাই। সাংবাদিক, অর্থনীতিবিদ, সবাইকে বলতে চাই, সবার প্রতি দায়িত্ব আছে। আল্লাহ বলেছেন, আমি একজন নারী ও একজন পুরুষ থেকে মানুষ তৈরি করেছি। ছোট গোত্রে বিভক্ত করেছি যাতে একে অন্যকে চিনতে পারো। দেশের মানুষের দায়িত্ব অন্যদের রক্ষা করা। যে যার জায়গা থেকে সাহায্যের হাত সম্প্রসারণ করবেন এটি চাই। সবার পাশে দাঁড়িয়ে করোনা মোকাবিলা করতে হবে। অন্ধকার মোকাবিলা করে আসুন আলোর পথের যাত্রী হই।’

গতকাল জাতীয় সংসদে নিজের দ্বিতীয় বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা ঝড়ের এই সময়েও নিজের দেয়া দ্বিতীয় বাজেটে উচ্চাশার বাণী শোনাতে ভোলেননি অর্থমন্ত্রী। ২০২০-২১ ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামের এবারের বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। বাড়ানো হয়েছে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রাও, প্রায় ৮ দশমিক ৬০ শতাংশ।

বাজেট প্রস্তাব অনুযায়ী, ২০১৯-২০ সালের জন্য জিডিপির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা। পরে তা সংশোধন করে আনা হয় ২৮ লাখ ৫ হাজার ৭০০ কোটি টাকায়। আগামী অর্থবছরে (২০২০-২১) এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা।

উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী মোট ব্যয়ের প্রস্তাব করেছেন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ৪৪ হাজার ৮১০ কোটি টাকা বা প্রায় ৮ দশমিক ৫৭ শতাংশ বেশি। অন্যদিকে সংশোধিত বাজেট থেকে এটি প্রায় ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বা প্রায় ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here