‘বাংলাদেশে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণাগার নেই, কখনও ছিলো না এবং আগামীতেও এ ধরনের কারখানা স্থাপনের সুযোগ নেই।’
সোমবার (১৪ মার্চ, ২০২২) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।
এর আগে গতকাল রোববার (১৩ মার্চ) এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন যে এ বিষয়ে তিনিও অবগত নন।
বাংলাদেশে চীন মিসাইল রক্ষণাবেক্ষণাগার তৈরি করছে জানিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। একই ধরনের সংবাদ বের হয় ভারতের কয়েকটি গণমাধ্যমেও।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাপানের নিক্কে গণমাধ্যম কোন তথ্যের ভিত্তিতে এই সংবাদ প্রকাশ করেছে তা জানতে চেয়ে চিঠি পাঠানো হবে।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, দেশ-বিদেশের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে যার পুরোটাই অসত্য। এ বিষয়ে ভারতের উদ্বেগ জানানোর বিষয়টিও সঠিক নয়।
তিনি আরো বলেন, ২০১১ সালে চীন থেকে যেসব সামরিক অস্ত্র কেনা হয়েছে তা রক্ষণাবেক্ষণে সহযোগিতা দিচ্ছে দেশটি। তবে এজন্য আলাদা করে স্থাপনা তৈরির প্রয়োজন নেই।
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তার এ সফর প্রভাব ফেলবে শ্রম বাজারে।









