মোহাম্মদ মাকসুদুল হাসান ভূঁইয়া রাহুলঃ
করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক ত্রাসসৃষ্টিকারী নাম। এই ভাইরাসের মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ১ লাখ ৫০ হাজার ৬৮১ জন, মৃত্যুবরণ করেছেন ৬০ লাখ ৬৭ হাজার ৫৫৩ জন এবং এই ভাইরাস থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৮০৪ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (১৫ মার্চ, ২০২২) সকালে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি রোগী সনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৭ জন। তবে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়। সংখ্যাটা ৫৩৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন হয়েছে ৩২৬ জন।
এছাড়া দক্ষিণ কোরিয়ার পর গত ২৪ ঘণ্টায় লাখের উপর করোনা সনাক্ত রোগীর সংখ্যার তালিকায় আছে ভিয়েতনাম ও জার্মানি। ভিয়েতনামে ১ লাখ ৬১ হাজার ২৬২, জার্মানিতে ১ লাখ ১ হাজার ৮৭২ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।
উল্লেখ্য, চীনের উহান শহরে ২০১৯’র ডিসেম্বরে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপর মহামারী আকারে এই ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস বেশ কয়েকবার নিজের ধরণ পাল্টেছে। এই ভাইরাসের ডেল্টা ধরণে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন। তবে আশার কথা হলো, বিশ্বব্যাপী করোনা টিকা কার্যক্রমের প্রভাবে এই ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে।









