বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্য রফতানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে চীন। আজ শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এ বাণিজ্য সুবিধা কার্যকর হবে।
বর্তমানে চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার, বিপরীতে বাংলাদেশের আমদানি ১ হাজার ৩৬৩ কোটি ৮৮ লাখ ডলারের আর রফতানি ৮৩ কোটি ১২ লাখ ডলারের।
সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের রফতানি বৃদ্ধির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক দিক-নির্দেশনায় এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নেয়। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে চীনের সঙ্গে বিনিময়পত্রে স্বাক্ষর করে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে শর্তহীনভাবে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ সর্বমোট ৮ হাজার ২৫৬টি এইচএস কোড শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়ে আদেশ জারি করে। এর ফলে চীনের বাজারে বাংলাদেশের সব সম্ভাবনাময় পণ্য শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় এক-পাক্ষিকভাবে স্বল্পোন্নত দেশগুলোকে এ সুবিধা দেয়ায় বাংলাদেশকে এর বিপরীতে কোনো ছাড় দিতে হবে না।










