নিজ কার্যালয়ের সামনের মাঠে একটি অস্থায়ী দোকান তৈরি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকুসুদুল আলম খোরশেদ। সেই দোকানে সাজানো হয়েছে ছোটদের নানা রঙের নতুন জামা। দোকানে শিশুরা আসছে ঈদের জামা কিনতে, কেউ কেউ বাবা-মায়ের কোলে চড়ে উপস্থিত হচ্ছে এই অস্থায়ী দোকানে। দোকান ঘুরে মাত্র ৫ টাকায় কেনা যাচ্ছে পছন্দের ঈদের জামা। এমন উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছেন করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন করে প্রশংসিত হওয়া খোরশেদ।
ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণির মাঝে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ প্রতিবছর নেওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ। তবে জামা বিক্রির টাকা পরবর্তীতে তাদের মাঝেই বিলিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
আজ শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় তিন শতাধিক শিশুর জন্য ঈদের নতুন জামা দোকানে তুলে তা ৫ টাকা মূল্যে বিক্রি করা হয়।
কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা বলেন, ‘আমরা প্রতিবছর এই উদ্যোগ নিই। ওয়ার্ডের দরিদ্র বাচ্চারা সবাই যেন নতুন জামা পরে ঈদ করতে পারে তাই এই উদ্যোগ নিয়ে থাকি। আমরা তাদের থেকে ৫ টাকা করে নিয়ে থাকি, যেন তারা নিজেদেরকে ছোট মনে না করে। পরবর্তীতে এই ৫ টাকা আবার তাদের মাঝে বিতরণ করে দেই।’
কাউন্সিলর খোরশেদ বলেন, ‘শুধু সমাজের সামর্থ্যবানদের সন্তানরা নতুন জামা দিয়ে ঈদ করবে এমনটা যেন না হয়। ঈদের আনন্দ যেন সবার জন্য হয় সে জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ছোট সুবিধাবঞ্চিত বাচ্চাদের মুখের হাসি দেখার জন্যই আমাদের এ উদ্যোগ।’






