হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চাইল সরকার

প্রবাস ও পররাষ্ট্র ডেস্ক | দ্য এনআরবি টাইমস

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। সোমবার, ১৩ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী নিহত দুই বাংলাদেশির মরদেহ প্রত্যাবাসনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। BSS

সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, নিহত দুই বাংলাদেশির একজনের বাড়ি বগুড়ায় এবং অন্যজন কুমিল্লায়। তাদের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দেশে আনার সব ব্যবস্থা সরকার নেবে বলে এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাম্প্রতিক ওই হামলায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছে বাংলাদেশ সরকার। রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ, হাসপাতাল ও সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক জানান। চলমান উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের বিষয়ও উঠে আসে।

১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় বহু মানুষ হতাহত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হিসাবে ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন; নিহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles