৪৫০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রি এবং বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আজ ২২ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। সাত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রধানমন্ত্রী তারেক মেলার উদ্বোধন করবেন।

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান গুরুত্বপূর্ণ।

এবারের মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশের মালিকানা অথবা ব্যবস্থাপনায় রয়েছেন নারী উদ্যোক্তারা। শিল্পমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ। অর্থাৎ দেশের শিল্প খাতের মোট শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি আরও জানান, এ খাতের প্রায় ৭০ শতাংশ উদ্যোক্তার ব্যবসা ঢাকার বাইরে পরিচালিত হয়। উদ্যোক্তাদের মধ্যে নারীর অংশগ্রহণ প্রায় ৬৫ শতাংশ।

মেলায় জুতা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, জুয়েলারি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য স্থান পাবে। সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।

শিল্পমন্ত্রী বলেন, মেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে শুধু দেশীয় উৎপাদনকারী এবং ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি সেবা খাতের উদ্যোক্তাদের জন্য। বিদেশি কিংবা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি করা যাবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হবে না।

উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থায়ন এবং বাজার সম্প্রসারণের বিষয়েও মেলায় গুরুত্ব দেওয়া হবে। এ উপলক্ষে তিনটি সেমিনার ও একটি সংলাপের আয়োজন করা হয়েছে। এতে তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান, সহজ শর্তে ঋণ, জলবায়ু-সহনশীল অর্থায়ন ও বিমা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া সাতটি সাধারণ বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরুষ ও নারী উদ্যোক্তাদের মধ্য থেকে সেরা মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের পাশাপাশি সেরা স্টার্টআপ, পরিবেশবান্ধব এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ এবং বিশেষ উদ্যোক্তা বিভাগে পুরস্কার দেওয়া হবে।

আগের ১২টি জাতীয় এসএমই পণ্য মেলার পরিসংখ্যান তুলে ধরে শিল্পমন্ত্রী জানান, এসব আয়োজনে প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলাগুলোতে মোট পণ্য বিক্রির পরিমাণ প্রায় ৭২ কোটি টাকা। পাশাপাশি অংশগ্রহণকারী ব্যবসায়ীরা পেয়েছেন প্রায় ১০৯ কোটি টাকার ক্রয়াদেশ। এর মাধ্যমে ক্ষুদ্র উৎপাদকদের সঙ্গে ক্রেতাদের ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে মেলার ভূমিকা স্পষ্ট হয়েছে।

জাতীয় আয়োজনের বাইরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংস্থাটি এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে, যাদের ৬০ শতাংশ নারী।

প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন ৭২ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন ট্রান্সজেন্ডার উদ্যোক্তা রয়েছেন।

শিল্পমন্ত্রী বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতি-কৌশল প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে শিল্পসচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles