চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলারে পোশাক কারখানা করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান

কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ বাংলাদেশির।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি আধুনিক পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। নতুন এই কারখানায় বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, কারখানাটি চালু হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

চট্টগ্রাম ইপিজেডের সাবেক সিয়ামস সুপিরিয়র লিমিটেডের কারখানা প্রাঙ্গণে নতুন প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে। ২০২৪ সালের আগস্টে সিয়ামস সুপিরিয়র লিমিটেড তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে বেপজা প্রচলিত বিধিবিধান অনুসরণ করে কারখানাটির যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে বিক্রির উদ্যোগ নেয়। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন নিয়ে এসব সম্পদ অধিগ্রহণ করে জয়ফুল।

প্রতিষ্ঠানটির উৎপাদন পরিকল্পনায় রয়েছে হান্টিং স্যুট, প্রযুক্তিনির্ভর ও পানিরোধী আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ডেনিম ও ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, পাফার পার্কা এবং পশমের তৈরি বিভিন্ন ধরনের পোশাক।

উৎপাদিত পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেপজার ওপর আস্থা রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় জয়ফুলকে ধন্যবাদ জানান নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সেবা নিশ্চিত করবে বেপজা। একই সঙ্গে জয়ফুলের ব্যবসায়িক অংশীদারদেরও বেপজার বিভিন্ন ইপিজেডে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও। তিনি জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে কারখানার সংস্কারকাজ সম্পন্ন করে উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে তাঁদের।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles