বাংলাদেশের করব্যবস্থা ও জ্বালানি খাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা গেলে আগামী কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়তে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত সময়ে বাংলাদেশের গড় বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংস্কার কার্যক্রম সীমিত পর্যায়ে থাকলে এই প্রবৃদ্ধি ৪.২ শতাংশ হতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথভাবে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসক্যাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট, অ্যান্ড জবস’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থার কয়েকটি বড় দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়োজনের তুলনায় কম কর আদায়, ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে ক্রমবর্ধমান ভর্তুকি। এসব কারণে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ উন্নয়নমূলক কাজে সরকারের ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে বলে মনে করছে বিশ্বব্যাংক।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৬.৮ শতাংশ। উন্নয়নশীল অর্থনীতির জন্য প্রয়োজনীয় ন্যূনতম ১৫ শতাংশের তুলনায় এটি অনেক কম। গত এক দশকে দেশের গড় কর-জিডিপি অনুপাত ছিল ৭.৪ শতাংশ। একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৮ শতাংশে সীমাবদ্ধ ছিল, যা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অর্ধেকেরও কম।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, করের আওতা সীমিত থাকা, প্রশাসনিক দুর্বলতা, কর পরিপালনে ঘাটতি এবং ব্যাপক কর অব্যাহতির কারণে রাজস্ব আদায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। বর্তমানে দেশের মোট রাজস্বের প্রায় ৭০ শতাংশ আসে ভ্যাট ও অন্যান্য পরোক্ষ কর থেকে। বিপরীতে আয়করসহ প্রত্যক্ষ করের অবদান মাত্র ২৬ থেকে ২৯ শতাংশ।
ভ্যাট ব্যবস্থায় রাজস্ব হারানোর পরিমাণও বড়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে সম্ভাব্য ভ্যাট আদায় ও প্রকৃত আদায়ের মধ্যে ব্যবধান ছিল প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা। এই পরিমাণ ওই অর্থবছরে আদায় করা প্রকৃত ভ্যাটের তিন গুণেরও বেশি। অন্যদিকে, দেশের ব্যক্তিদের মধ্যে মাত্র প্রায় ৭ শতাংশের টিআইএন রয়েছে। তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও কম নিয়মিত আয়কর দেন।
কর অব্যাহতি ও বিভিন্ন প্রণোদনাও সরকারের আয় কমিয়ে দিচ্ছে। ২০২১-২২ অর্থবছরে এসব সুবিধার আর্থিক মূল্য ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা ওই বছরের মোট কর রাজস্বের প্রায় সমান। বিশ্বব্যাংকের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান না রাখা সুবিধাগুলো ধাপে ধাপে বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে কর সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকির দ্রুত বৃদ্ধি সরকারের আর্থিক চাপ আরও বাড়িয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এ দুই খাতে ভর্তুকি ছিল ৭২ বিলিয়ন টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৮৩৬ বিলিয়ন টাকায় পৌঁছেছে। সংশোধিত হিসাব অনুযায়ী, এর মধ্যে ৫৯৬ বিলিয়ন টাকা বা মোট ভর্তুকির ৭১ শতাংশ পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এই অর্থের মধ্যে আগের বকেয়া পরিশোধের ব্যয়ও রয়েছে।
বিশ্বব্যাংক বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও সঞ্চালন ও বিতরণ অবকাঠামো সেই অনুপাতে উন্নত হয়নি। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধান, গ্যাসের সংকট, পুরোনো বিদ্যুৎকেন্দ্র এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ভর্তুকির বোঝা বাড়াচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ধরে রাখার জন্য নির্ধারিত অর্থ পরিশোধও সরকারের ব্যয় বাড়াচ্ছে।
এ পরিস্থিতি পরিবর্তনে বিদ্যুতের দাম নির্ধারণে ব্যয়ভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, গ্যাসের মূল্য নিয়মিত পর্যালোচনা এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি অদক্ষ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমানো, বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পুনর্মূল্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
তবে ভর্তুকি কমানোর কারণে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। সাধারণ ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, ফ্যামিলি কার্ড এবং ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ব্যাপক সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০৩৪-৩৫ অর্থবছরে বাংলাদেশের মোট রাজস্ব-জিডিপি অনুপাত ১৪.৪ শতাংশে পৌঁছাতে পারে। এর মধ্যে কর-জিডিপি অনুপাত দাঁড়াতে পারে ১২.৬ শতাংশে। অন্যদিকে, সংস্কার সীমিত থাকলে ওই সময়ে মোট রাজস্ব-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং কর-জিডিপি অনুপাত ৯.১ শতাংশ হতে পারে।
এ ছাড়া জ্বালানি ও কৃষি খাতের ভর্তুকি কমানো এবং রপ্তানি ও রেমিট্যান্সে প্রণোদনা পর্যায়ক্রমে প্রত্যাহার করা গেলে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে জিডিপির ১.৪ শতাংশের সমপরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এসব উদ্যোগের ফলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা এবং মূলধনী ব্যয় ৬ শতাংশে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সময়ে ভর্তুকি জিডিপির ১ শতাংশে নামিয়ে আনা এবং বাজেট ঘাটতি ৩.৬ শতাংশে সীমিত রাখা সম্ভব হতে পারে।
অন্যদিকে, সংস্কার সীমিত থাকলে ২০৩৪-৩৫ অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৫ শতাংশ, মূলধনী ব্যয় সাড়ে ৪ শতাংশ এবং বাজেট ঘাটতি ৫ শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেছে বিশ্বব্যাংক। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের সরকারি ব্যয় ছিল জিডিপির ১৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১১.৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মূলধনী ব্যয়ের হার ৪.৯ শতাংশ থেকে নেমে ২.৮ শতাংশ হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূলধনী ব্যয় প্রায় অর্ধেক।
স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বরাদ্দের ঘাটতি রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ০.৩ শতাংশ এবং শিক্ষা খাতে ১.৫ শতাংশ। অথচ সমপর্যায়ের দেশগুলোতে শিক্ষা খাতে গড় সরকারি ব্যয় জিডিপির ৩ শতাংশ। বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়ের বিবেচনায় সরকারি ব্যয় জিডিপির অনুপাতে অন্তত আরও ১০ শতাংশীয় পয়েন্ট বাড়ানো প্রয়োজন। এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত ৩.৫ থেকে ৪ শতাংশীয় পয়েন্ট ব্যয়ের প্রয়োজন রয়েছে।
এদিকে ঋণের সুদ পরিশোধের ব্যয়ও ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে এ খাতে ব্যয় ছিল জিডিপির ১.৭ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২.৪ শতাংশ হয়েছে। একই সময়ে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় ২০২২-২৩ অর্থবছরের ১.১ শতাংশ থেকে কমে ২০২৪-২৫ অর্থবছরে ০.৯ শতাংশে নেমেছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকিও ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জিডিপির ০.৪ শতাংশ থেকে বেড়ে ১.৫ শতাংশ হয়েছে।
কর আদায় বাড়াতে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের দায়িত্ব আলাদা করার উদ্যোগ পুনরায় কার্যকর করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এ জন্য প্রয়োজনীয় আইন সংসদে পুনরায় উপস্থাপন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদান জোরদারের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে সব করদাতার জন্য সমন্বিত টিআইএন ব্যবস্থা, অনলাইনে কর রিটার্ন দাখিলের সুযোগ সম্প্রসারণ এবং ঝুঁকিভিত্তিক অডিট চালুর কথাও বলা হয়েছে। পাশাপাশি ভ্যাটের সাধারণ হার ১৫ শতাংশে একীভূত করা, ইনপুট ট্যাক্স ক্রেডিট পুরোপুরি কার্যকর করা এবং দরিদ্র ৪০ শতাংশ পরিবারের ব্যবহৃত মৌলিক খাদ্য ও সেবার বাইরে ভ্যাট অব্যাহতি সীমিত করার প্রস্তাব রয়েছে।
বিশ্বব্যাংক আরও মনে করে, সরকারি বিনিয়োগ প্রকল্প নির্বাচন, মূল্যায়ন, ক্রয়প্রক্রিয়া এবং বাস্তবায়ন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো জরুরি। কর কাঠামো সহজ করা, সম্পত্তি করের আওতা বাড়ানো এবং অকার্যকর কর অব্যাহতি পর্যালোচনার মাধ্যমেও রাজস্ব আয় বাড়ানো সম্ভব।
প্রতিবেদন প্রকাশের পর অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে সুপারিশগুলো বাস্তবে কার্যকর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসরুর রিয়াজ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের রাজস্ব সক্ষমতা শক্তিশালী করা অন্যতম প্রধান অগ্রাধিকার। তাঁর মতে, সরকারি অর্থব্যবস্থার দুর্বলতা দূর করতে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এনেছে।
অন্যদিকে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, রাজস্ব আদায় বাড়ানো, সরকারি ব্যয়ের গুণগত মান উন্নত করা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ নতুন নয়। দেশীয় অর্থনীতিবিদদের পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দীর্ঘদিন ধরে এসব বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। তাঁর মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া।





