কৃষি প্রক্রিয়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, কার্যকর বাণিজ্য কূটনীতি এবং রপ্তানির পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাংলাদেশে এ খাতের বিপুল সম্ভাবনা থাকলেও ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় রপ্তানি সক্ষমতায় এখনো পিছিয়ে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্থলবন্দরে দীর্ঘসূত্রতা, শুল্কবহির্ভূত বিধিনিষেধ, পরিবহনসংক্রান্ত সমস্যা এবং আন্তর্জাতিক মানের উত্তম কৃষি চর্চার ঘাটতি এ খাতের রপ্তানি সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ২১ নভেম্বর রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে প্রাণ গ্রুপ। এতে বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের অবদান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ খাতের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমকে তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগে বাণিজ্যিক স্বার্থকে আরও গুরুত্ব দিতে হবে। দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বাজারের বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো গেলে নতুন রপ্তানি সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ এখনো তৈরি পোশাক খাতনির্ভর। দীর্ঘদিন ধরে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর কথা বলা হলেও এ লক্ষ্য অর্জনে কার্যকর উদ্যোগ ও বাস্তবায়ন পরিকল্পনার ঘাটতি রয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলে পণ্য রপ্তানির সুযোগ থাকলেও স্থলবন্দরের নানা জটিলতা এবং শুল্কবহির্ভূত বাধার কারণে রপ্তানিকারকরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না।
তিনি যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারেও বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সম্ভাবনা রয়েছে বলে জানান। তবে এসব গন্তব্যে পণ্য পরিবহনের সমস্যার কারণে রপ্তানি বাড়ানো কঠিন হয়ে পড়ছে।
কামরুজ্জামান কামাল বলেন, উত্তম কৃষি চর্চা যথাযথভাবে অনুসরণ না করায় ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের পাশাপাশি বাণিজ্য কূটনীতিতে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস নীতিনির্ধারণ ও জনমত তৈরিতে গণমাধ্যমের প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, কৃষকদের অভিজ্ঞতা, কৃষি খাতের অর্জন, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন এবং সম্ভাবনাময় বাজার নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করা হলে এ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা জানান, আলোচনার মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে তাঁদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে এ খাত নিয়ে অনুসন্ধানী ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরির আগ্রহও বেড়েছে।





