লটারির মাধ্যমে বাছাই, বিনা খরচে বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

প্রথম পর্যায়ে সরকারি উদ্যোগে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। এর প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১১২ জন কর্মী নিয়ে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে একটি ফ্লাইট।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরিতে যোগ দেবেন। বোয়েসেলের তথ্য অনুযায়ী, তাঁদের বিদেশযাত্রায় কোনো অর্থ ব্যয় করতে হবে না। বিমানভাড়াসহ কর্মী নিয়োগ ও পাঠানোর যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

সরকারের নির্ধারিত পরিকল্পনায় প্রথম পর্যায়ে বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কথা রয়েছে। এ নিয়োগ কার্যক্রমে প্রার্থী নির্বাচনের জন্য অনুসরণ করা হয়েছে লটারিভিত্তিক পদ্ধতি।

বোয়েসেলের তথ্যমতে, বিনা খরচে নিয়োগের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন লটারির মাধ্যমে প্রথমে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়।

দুই দিন ধরে চলা সাক্ষাৎকারে তালিকাভুক্ত কয়েকজন প্রার্থী উপস্থিত না হওয়ায় পরবর্তী সময়ে আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের পদ্ধতি চালু করেছে প্রতিষ্ঠানটি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল। তবে নিয়োগ প্রক্রিয়ায় ১০০টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি এবং কর্মীদের শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles