এআই, অবকাঠামো ও বিনিয়োগে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার নতুন সহযোগিতার উদ্যোগ

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন অর্থায়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, শিল্প উৎপাদন এবং বেসরকারি বিনিয়োগে দুই দেশের অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দক্ষিণ কোরিয়া সফরে এসব বিষয় গুরুত্ব পেয়েছে। সফরের দ্বিতীয় দিনে দেশটির সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি খাতের প্রতিনিধি এবং বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন অব্যাহত রাখা, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণের বিষয় উঠে আসে। বিশেষ করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও বেসরকারি খাতকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

কোরিয়া এক্সিমব্যাংকের (কেক্সিম) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোয়াং কিয়নের সঙ্গে বৈঠকে ২০২৩-২০২৭ মেয়াদের ৩ বিলিয়ন মার্কিন ডলারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) কাঠামোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ অংশ, মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের প্রকল্প বিশেষ গুরুত্ব পায়। কোরিয়া এক্সিমব্যাংক জানিয়েছে, ইডিসিএফের আওতায় অগ্রাধিকার প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পক্ষ থেকে অবশিষ্ট ইডিসিএফ তহবিল ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর মতো নতুন খাতেও কোরিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় ভাইস মিনিস্টার চ্যাং হুহর সঙ্গে পৃথক বৈঠকেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি উন্নত শিল্প উৎপাদন, জ্বালানি, জাহাজ নির্মাণ এবং ডিজিটাল প্রযুক্তিতে যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরে।

এ সময় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের মাস্টারপ্ল্যান তৈরিতে কোরিয়ার কারিগরি সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ এ উদ্যোগের অর্থায়ন ও বাস্তবায়নেও কোরিয়ার আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। কোরিয়ার পক্ষ থেকেও এআই, ডিজিটাল রূপান্তর, বিকল্প অর্থায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল কোরিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণ। কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের (কেআইসি) সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ ক্ষেত্রে ১ থেকে ২ বিলিয়ন ডলারের একটি সম্ভাব্য বাংলাদেশ সভরেন ফান্ড গঠনের বিষয়টিও সামনে আসে। কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের ইক্যুইটি বিনিয়োগের সঙ্গে কোরিয়া এক্সিমব্যাংকের অর্থায়ন যুক্ত করে বিনিয়োগের নতুন কাঠামো তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে দুই পক্ষ। এ প্রক্রিয়ায় কোরীয় ফান্ড ম্যানেজারদের সম্পৃক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

প্রযুক্তি খাতে সহযোগিতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি এআই রিসার্চের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উপযোগী নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় এআই ও ডেটা সেন্টারভিত্তিক প্রযুক্তি অবকাঠামোর কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিনিধিদল। এআই প্রযুক্তিনির্ভর অবকাঠামো প্রকল্পেও আগ্রহ দেখিয়েছে কোরিয়া এক্সিমব্যাংক।

এদিকে কোরিয়ার বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে দেশটির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সৌরবিদ্যুৎ, জাহাজ নির্মাণ, নগর উন্নয়ন এবং আধুনিক শিল্প উৎপাদনকে সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্যামসাং সি অ্যান্ড টির সঙ্গে বৈঠকে অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, নগর উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও বৃহৎ পরিসরের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতার সুযোগ খতিয়ে দেখা হয়েছে। প্রতিষ্ঠানটি শুধু প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) ঠিকাদার হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হিসেবেও বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে কোরিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ইয়ংওয়ানের উদ্যোগে আয়োজিত বিনিয়োগবিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রাংশ উৎপাদন খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। কোরীয় কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় স্থানীয় উৎপাদকদের যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু বিদেশি অর্থায়ন নয়, বরং দেশে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

সামগ্রিকভাবে এবারের সফরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার আলোচনার পরিধি প্রচলিত উন্নয়ন ঋণের গণ্ডি ছাড়িয়ে বাণিজ্য, প্রযুক্তি, শিল্পায়ন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। দুই দেশের সরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও সম্মতি এসেছে।

এখন এসব আলোচনাকে বাস্তব প্রকল্প, নতুন বিনিয়োগ এবং কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়াই হবে দুই দেশের পরবর্তী লক্ষ্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles