আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুতুবপুরবাসীকে ভোট দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে কুতুবপুর তথা দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি’র নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের মূলমন্ত্র আজ হুমকির মুখে। নিশিরাতের ভোট ডাকাতির মধ্যদিয়ে রাষ্ট্রক্ষমতা জবর দখলকারী ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে চরমভাবে ব্যর্থ। বাজার সিন্ডিকেটের মাধ্যমের নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য-দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের মধ্যে নিরব হাহাকার চলছে। মেগাপ্রকল্পের নামের গেল ১৫ বছরে সীমাহীন লুটপাটে শুধু সরকারি-বেসরকারি ব্যাংক, শেয়ার বাজার, হলমার্ক, পাট-গার্মেন্টস্ শিল্প, রাষ্ট্রীয় অর্থ ও জনগণের টাকা লুটপাট করেই ক্ষ্যান্ত হয়নি; এ সরকার বৈদেশিক রিজার্ভও নিঃশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতোই সাজানো-পাতানো আরও একটি প্রহসনের একতরফা ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চায় জনদুশমন আ’লীগ। তাই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আগামী ৭ জানুয়ারি বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো নির্বাচনে ভোট বর্জনের আহবান কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। বিএনপি’র নেতারা বিবৃতিতে অভিযোগ করেন আ’লীগ সীমাহীন অপপ্রচার ছড়াচ্ছে। তারা বলছে যে,‘এবার ভোট না দিলে নির্বাচনের পর জাতীয় পরিচয়পত্র বাতিল হয়ে যাবে, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে, বাড়ী-বাড়ী যেয়ে আঙ্গুলের অমোচনীয় কালি আছে কি না-না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে; জোরপূর্বক ভোট কেন্দ্রে যেতে বাধ্য করবে’ এসবই আওয়ামী অপপ্রচার মাত্র। বিরোধী দলবিহীন আ’লীগের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট দান থেকে বিরত থাকাও প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। আর নাগরিক সুযোগ-সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, নাগরিক অধিকার- এটা কোন রাজনৈতিক দলের করুণার দান নয়। তাই সকল প্রকার অপপ্রচার রুখে দিয়ে নিজে ও পরিবার-পরিজনকে সাথে নিয়ে এবারের ভোট প্রদান থেকে বিরত থাকুন। দেশের স্বার্থে অন্যদেরও ভোট বর্জনে উৎসাহিত করুন।নেতৃবৃন্দ বলেন, ২০০৮ সালে দেশের প্রায় ১২ কোটি মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবারের নির্বাচনে জনগনের পছন্দের প্রার্থী না থাকায় ভোট বর্জন করুন। দেশ রক্ষায় বিএনপি’র অসহযোগ আন্দোলনে সকলেই নিজ-নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। বিএনপি’র প্রতিটি নেতা-কর্মী জীবনবাজী রেখে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই করছে। আমাদের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম চলবে। পরম মমতাময়ী জন্মভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি’র অসহযোগ আন্দোলনে প্রিয় কুতুবপুরবাসী তথা বাংলাদেশের প্রতিটি নাগরিকই নিজ-নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবর, সহ সভাপতি দ্বীন ইসলাম দিলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ পিয়াস খন্দকার সহ প্রমুখ।









