বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে বড় পরিবর্তনের ঘোষণা সৌদির

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
যেসব দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব, তার মধ্যে আছে বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় আগের নির্ধারিত ফি পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া ফিলিপাইনের নাগরিকদের জন্য ১৪ হাজার ৭০০ থেকে ১৫ হাজার ৯০০, শ্রীলঙ্কার ১৩ হাজার ৮০০ থেকে ১৫ হাজার, কেনিয়ার ৯ হাজার থেকে ১০ হাজার ৮৭০, উগান্ডার ৮ হাজার ৩০০ থেকে সাড়ে ৯ হাজার, এবং ইথিওপিয়ার ৫ হাজার ৯০০ থেকে ৬ হাজার ৯০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ খাতের পরিবর্তনশীল ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। এ ছাড়াও সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় পূর্বে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থা এবং অফিসগুলোকে নির্দিষ্ট কিছু দেশ থেকে গৃহকর্মী নিয়োগে ফি’র সর্বোচ্চ সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছে।
সিয়েরা লিওন এবং বুরুন্ডি থেকে গৃহকর্মী নিয়োগের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড়া সাড়ে ৭ হাজার সৌদি রিয়াল। আর থাইল্যান্ডের ক্ষেত্রে তা ১০ হাজার রিয়াল।
মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারের পরিবেশের উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে। গত ৮ জানুয়ারি কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান ফি নির্ধারণের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেন।
কুয়েতের সরকারি নির্দেশনায় বলা হয়, নতুন ফি কাঠামোতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর প্রত্যেক গৃহকর্মীর জন্য ৭৫০ কুয়েতি দিনার (বাংলাদেশি ২ লাখ ৬৭ হাজার ১৪০ টাকা) ফি নির্ধারণ করা হয়েছে। আর আফ্রিকান দেশগুলোর জন্য এই ফি ৫৭৫ কুয়েতি দিনার। এছাড়া স্পন্সরের সরবরাহ করা বিশেষ পাসপোর্টধারীদের জন্য ৩৫০ কুয়েতি দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের (পিএসিআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, কুয়েতে ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন নিবন্ধিত গৃহকর্মী রয়েছেন। এর মধ্যে দেশটিতে সর্বাধিক সংখ্যক নিবন্ধিত গৃহকর্মী ভারতীয়। কুয়েতে ভারতীয় গৃহকর্মী রয়েছেন ৩ লাখ ৬১ হাজার ২২২ জন। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ফিলিপাইনের ২ লাখ ১ হাজার ১১০ জন নাগরিক গৃহকর্মী হিসেবে কাজ করছেন।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। কুয়েতে লঙ্কান গৃহকর্মী আছেন ১ লাখ ২ হাজার ৬৮৫ জন। এছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশটিতে ৮৫ হাজার ৯৮৯ জন বাংলাদেশি গৃহকর্মীর কাজে নিযুক্ত আছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles