বিদেশে চিকিৎসার খরচ পাঠানোর সীমা দ্বিগুণ, এখন পাঠানো যাবে ৩০ হাজার ডলার

বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসা ব্যয় বাবদ সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠাতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং বৈধ চলতি হিসাবের লেনদেনে সুবিধা বাড়ানোর অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি ছাড়াই ৩০ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অর্থ পরিশোধের প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।

শুধু চিকিৎসা নয়, বিদেশে শিক্ষার ব্যয় মেটানোর ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দেশে বিনা মূল্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার সুযোগ নেই, সেসব দেশে পড়াশোনার খরচ পাঠাতে এডি ব্যাংকগুলো সরাসরি বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ধরনের অর্থ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হতো।

এ ছাড়া করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের খরচ পাঠানোর ক্ষেত্রেও পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এর আগে মূলত সনদ ও পেশাগত প্রশিক্ষণমূলক কোর্সের জন্য এ সুবিধা দেওয়া হতো।

তবে বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় সঙ্গে করে আনা বৈদেশিক মুদ্রা ব্যাংক হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তি তাঁর সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে চাইলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে যথাযথ ঘোষণা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ পরিবর্তনের ফলে বিদেশে চিকিৎসা, শিক্ষা ও ব্যক্তিগত প্রয়োজনে বৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ আরও সম্প্রসারিত হলো। বিশেষ করে চিকিৎসার জন্য বিদেশগামী ব্যক্তিদের ক্ষেত্রে পূর্বানুমোদনের অপেক্ষা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগত জটিলতা কমবে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান নিয়ম ও বিধিনিষেধ আগের মতোই কার্যকর থাকবে। অর্থাৎ নতুন সুবিধা নির্ধারিত সীমা ও শর্তের মধ্যেই প্রযোজ্য হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles