Home খেলা বিপিএলের সাত দলের নতুন নাম

বিপিএলের সাত দলের নতুন নাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবারের আসর।

বঙ্গবন্ধু বিপিএলের পুরোটাই দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিশেষ এই বিপিএলে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো থাকছে না। নতুন সাতটি দলকে এই বিপিএল খেলার জন্য অনুমোদন দিয়েছে বিসিবি।

এই সাত দল হলো, ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

ইতিমধ্যে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী অনুষ্ঠান হবে এবার। আগামী ৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। ক্রিকেট দিয়েই শুরু হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ড্রাফট। এখানেই নির্ধারিত হবে বিশেষ এই বিপিএলে কে কোন দলে খেলবেন।

খেলোয়াড়দের ড্রাফটে ছয়টি গ্রেডে ১৮১ স্থানীয় ও পাঁচটি গ্রেডে ৪৩৯ বিদেশি ক্রিকেটারের নাম তোলা হবে। এ প্লাস গ্রেডে থাকা স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এই গ্রেডে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা পাচ্ছেন ২৫ লাখ। এ ক্যাটাগরিতে আছেন আছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। ‘বি’ গ্রেডে ১৮ লাখ, ১২ লাখ ‘সি’ গ্রেডের স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক, ‘ডি’ ও ‘ই’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৮ ও ৫ লাখ টাকা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here