সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়তে চায় বাংলাদেশ, উৎপাদন লক্ষ্য বছরে ১০ লাখ টন

দেশের কৃষি খাতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরবে বড় ধরনের শিল্প বিনিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। দুই দেশের যৌথ মালিকানায় সেখানে বছরে ১০ লাখ টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনক্ষমতার একটি কারখানা নির্মাণের প্রস্তাব নিয়ে কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে সার আমদানির উৎস নিশ্চিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ও সৌদি আরবের সমান অংশীদারত্বে একটি কোম্পানি গঠন করে কারখানাটি পরিচালনা করা হবে। কোম্পানিটির মালিকানায় দুই দেশের সরকারের অংশ থাকবে ৫০ শতাংশ করে। উৎপাদিত সার ২০ থেকে ২৫ বছর ধরে বাংলাদেশ কিনে নেবে। অন্যদিকে, কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও গ্যাস সরবরাহের দায়িত্ব নেবে সৌদি আরব।

প্রকল্পের মোট বিনিয়োগের ৩০ শতাংশ অর্থ দুই দেশের সরকার সমানভাবে দেবে। বাকি ৭০ শতাংশ অর্থ সৌদি আরবের আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ হিসেবে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ সাল নাগাদ কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরকে কেন্দ্র করে এ বিষয়ে একটি অ-বাধ্যতামূলক সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চলছে। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাজ করছে।

প্রস্তাবিত সমঝোতা স্মারক সই হলেই প্রকল্প বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হবে না। বরং এর পর কারখানাটির কারিগরি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য একটি টেকনো-ইকোনমিক স্টাডি পরিচালনার পরিকল্পনা রয়েছে। সমীক্ষার ফলাফল এবং দুই দেশের সম্মতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিনিয়োগ ও বাস্তবায়নের শর্ত চূড়ান্ত করা হবে।

বাংলাদেশে ডিএপি সারের চাহিদা ক্রমাগত বাড়ছে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মাঠপর্যায়ে বছরে এ সারের প্রয়োজন ১৪ থেকে ১৫ লাখ টন। এর বাইরে নিরাপত্তা মজুত হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে আরও ৫ লাখ টন সার সংরক্ষণ করতে হয়। সব মিলিয়ে বার্ষিক চাহিদা দাঁড়ায় প্রায় ১৯ থেকে ২০ লাখ টন।

বর্তমানে দেশের একমাত্র ডিএপি সার কারখানা থেকে চাহিদার তুলনায় অনেক কম উৎপাদন হচ্ছে। কাঁচামালের সংকটের কারণে মাঝেমধ্যে উৎপাদন বন্ধ রাখতে হয়। ফলে অভ্যন্তরীণ চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই বিভিন্ন উৎস থেকে সার সংগ্রহ করা হয়।

বর্তমান ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো বছরে প্রায় ৫ লাখ টন ডিএপি সার আমদানি করে। অন্যদিকে, বাকি চাহিদার একটি বড় অংশ সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে, আগামী বছরগুলোতে বিএডিসিকে বছরে প্রায় ৯ লাখ ৪০ হাজার থেকে ১০ লাখ টন ডিএপি সার আমদানি করতে হতে পারে।

এ অবস্থায় সৌদি আরবে প্রস্তাবিত কারখানার উৎপাদন সক্ষমতা বাংলাদেশের সম্ভাব্য সরকারি আমদানি চাহিদার কাছাকাছি। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে নির্দিষ্ট একটি উৎস থেকে বড় পরিমাণ সার সংগ্রহের নিশ্চয়তা পাওয়া যেতে পারে। কৃষি মন্ত্রণালয়ও উৎপাদিত সার কেনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাই-ব্যাক গ্যারান্টি দেওয়ার বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরবে নিবন্ধিত একটি যৌথ কোম্পানি কারখানাটি পরিচালনা করবে। বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি এতে অংশীদার হবে। কোম্পানির পরিচালনা পর্ষদেও দুই দেশের সমানসংখ্যক প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয়, উৎপাদন খরচ, ঋণের শর্ত এবং অন্যান্য আর্থিক বিষয় এখনো নির্ধারিত হয়নি।

দীর্ঘমেয়াদি ক্রয় নিশ্চয়তার মাধ্যমে সৌদি আরবের বিনিয়োগ আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে। তবে ২০ থেকে ২৫ বছরের জন্য সার কেনার প্রতিশ্রুতি দেওয়ার আগে উৎপাদন ব্যয়, কাঁচামালের দাম, পরিবহন খরচ এবং ঋণের সুদসহ সামগ্রিক আর্থিক হিসাব যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ডিএপি সার বাণিজ্যের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৫-১৬ অর্থবছর থেকেই দুই দেশের জিটুজি চুক্তির আওতায় এ সার আমদানি করে আসছে বাংলাদেশ। সর্বশেষ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুই বছরের জন্য নতুন চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫টি লটে সার সরবরাহের কথা রয়েছে। এর মধ্যে ১১টি নিশ্চিত এবং চারটি ঐচ্ছিক। নিশ্চিত লটের ভিত্তিতে বছরে কমপক্ষে ৪ লাখ ৪০ হাজার টন সার সৌদি আরব থেকে আমদানি করতে হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ডিএপি সার আমদানির পরিমাণও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ১২ লাখ ৭২ হাজার টন, ২০২৪-২৫ অর্থবছরে ১৩ লাখ ৯৯ হাজার টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৬ লাখ ২০ হাজার টন সার আমদানি করা হয়েছে। নতুন কারখানা চালু হলে বিদ্যমান আমদানি চুক্তির সঙ্গে এর উৎপাদন ও সরবরাহ কীভাবে সমন্বয় করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

সার আমদানির পাশাপাশি সরকারের ভর্তুকি ব্যয়ও প্রকল্পটির পেছনে অন্যতম বিবেচ্য বিষয়। বর্তমানে দেশের কৃষক পর্যায়ে প্রতি কেজি ডিএপি সারের নির্ধারিত মূল্য ২১ টাকা। অথচ আন্তর্জাতিক বাজার থেকে আমদানির ক্ষেত্রে সরকারকে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে আমদানি ও বিক্রয়মূল্যের ব্যবধান পূরণে ভর্তুকি দিতে হচ্ছে।

গত ১৩ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সৌদি আরব থেকে জিটুজি চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন করে। এতে প্রতি টনের ক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৮৬১ দশমিক ৫০ মার্কিন ডলার। ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে প্রতি কেজি সারের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ১০৬ টাকা। এর সঙ্গে পরিবহন, হ্যান্ডলিং ও অন্যান্য খরচ যুক্ত হলে প্রকৃত ব্যয় আরও বাড়ে।

এই ব্যয় কমানোর সম্ভাবনা যাচাই করতেই সৌদি আরবে নিজস্ব অংশীদারত্বে উৎপাদন ব্যবস্থার কথা ভাবছে সরকার। তবে নতুন কারখানা থেকে সার সংগ্রহ বর্তমান আমদানির তুলনায় কতটা সাশ্রয়ী হবে, তা নির্ভর করবে উৎপাদন ব্যয়, অর্থায়নের সুদ, কাঁচামালের মূল্য এবং পরিবহন খরচের ওপর।

অন্যদিকে, দেশে বিদ্যমান ডিএপি সার কারখানার উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় ৬৬ একর জমিতে ২০০৬ সালে স্থাপিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ ২৮ হাজার টন।

কিন্তু বাস্তবে কারখানাটির উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার অনেক কম। ২০২৫-২৬ অর্থবছরে কারখানাটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ টন। বিপরীতে উৎপাদন হয়েছে মাত্র ৪০ হাজার টন। ফসফরিক অ্যাসিডের মতো প্রধান কাঁচামালের সংকটে গত ২৮ জুন থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। চলতি অর্থবছরেও এখন পর্যন্ত উৎপাদন শুরু হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সৌদি আরবে কারখানা স্থাপনের পরিকল্পনাটি বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, দেশের বাইরে শিল্পকারখানায় সরকারের সরাসরি বিনিয়োগের নজির নেই। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশে সরকারি পর্যায়ে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে এটি হবে প্রথম উদ্যোগ।

বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করতে হবে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, ১০ হাজার ডলারের বেশি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন। তাই প্রকল্পের সম্ভাব্য মুনাফা, বৈদেশিক মুদ্রার ব্যবহার, ঋণের দায় এবং দীর্ঘমেয়াদি আর্থিক ঝুঁকিও বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গেও এ উদ্যোগের সামঞ্জস্য রয়েছে। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে শিল্প ও অন্যান্য অর্থনৈতিক খাত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে দেশটির। ফলে সার উৎপাদনে যৌথ বিনিয়োগ দুই দেশের জন্যই বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরে সমঝোতা স্মারক সই হলে প্রকল্পটির আনুষ্ঠানিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর বিনিয়োগের পরিমাণ, অর্থায়ন, কাঁচামাল সরবরাহ এবং দীর্ঘমেয়াদি সার কেনার শর্ত নির্ধারণ করা হবে। সবশেষে দুই দেশের চূড়ান্ত সম্মতি মিললেই কারখানা নির্মাণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles