১,৬৮৬ কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, আসছে আধুনিক ভবন ও পরীক্ষাগার

চট্টগ্রাম কাস্টম হাউসের অবকাঠামো ও শুল্ক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে ১ হাজার ৬৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন, আধুনিক পণ্য পরীক্ষাগার এবং কাস্টমস কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পৃথক একাডেমি। নতুন অবকাঠামো চালু হলে পণ্য খালাসের সময় ২৫ শতাংশ কমানোসহ শুল্ক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে।

দেশের আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয় চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে। এ প্রতিষ্ঠানটির ওপর দেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ নির্ভরশীল। তাই পুরোনো অবকাঠামোর পরিবর্তে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে কাস্টম হাউসের কার্যক্রম ইতোমধ্যে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর সাতটি অ্যাসেসমেন্ট গ্রুপের কার্যক্রম সেখানে শুরু হয়েছে। বাকি ছয়টি গ্রুপও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। নির্মাণকাজ চলাকালে প্রায় তিন বছর অস্থায়ী কার্যালয় থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন জানিয়েছেন, নতুন স্থাপনা নির্মাণের জন্য বর্তমান ভবনগুলো ভেঙে ফেলা হবে। এ সময় সংশ্লিষ্ট সব কার্যক্রম সচল রাখতে পর্যায়ক্রমে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে এনবিআরের বাস্তবায়নাধীন ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ১ হাজার ৪৭৫ কোটি ৪৮ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ২১০ কোটি ৯৯ লাখ টাকা অর্থায়ন করবে। ২০২৩ সালে অনুমোদিত প্রকল্পটিতে অবকাঠামো নির্মাণের পাশাপাশি কাস্টমস ব্যবস্থাপনায় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনাও রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের নিজস্ব ৬ দশমিক ৭৫ একর জায়গায় নির্মিত হবে নতুন প্রশাসনিক ভবন। পরিবেশবান্ধব নকশায় তৈরি ভবনটিতে থাকবে তিনটি বেজমেন্ট, একটি নিচতলা এবং তার ওপরে ১৫টি তলা। পাশাপাশি পৃথক পরীক্ষাগার ও গুদাম কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা ও ছয়টি তলা।

নতুন ভবনগুলোতে আধুনিক পরীক্ষাগার, প্রশাসনিক দপ্তর, নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা, গুদাম, মসজিদ, ক্যাফেটেরিয়া ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রাখা হবে। আমদানি করা পণ্যের গুণগত মান যাচাই, ঘোষণার সঙ্গে প্রকৃত পণ্যের সামঞ্জস্য পরীক্ষা এবং রাজস্ব ফাঁকি শনাক্ত করার সক্ষমতা বাড়াতে পরীক্ষাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জন্য ১২৩টি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৬০২টি পরীক্ষাগার সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। এসব সরঞ্জাম সংগ্রহে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৮৬ লাখ টাকা। ভবনগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণ প্রযুক্তি, বর্জ্যপানি শোধন এবং উন্নত নিষ্কাশনব্যবস্থাও যুক্ত করা হবে।

কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে পৃথক ৩৮ দশমিক ৬৭ একর জমিতে গড়ে তোলা হবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি। একাডেমির প্রধান ভবনে থাকবে একটি বেজমেন্ট, নিচতলা এবং পাঁচটি তলা। কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন ও বিভিন্ন শ্রেণির ডরমিটরিও নির্মাণ করা হবে।

এ ছাড়া একাডেমি কমপ্লেক্সে বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ, আনসার ব্যারাক, চিকিৎসাকেন্দ্র, খেলাধুলার জায়গা, কেন্দ্রীয় পুকুর, মুক্তমঞ্চ, প্রজাপতি উদ্যান ও সবুজায়নের ব্যবস্থা থাকবে। দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ তৈরির মাধ্যমে কাস্টমস কর্মকর্তাদের আধুনিক শুল্ক ব্যবস্থাপনায় দক্ষ করে তোলাই এর অন্যতম উদ্দেশ্য।

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আমদানি ও রপ্তানি পণ্য ছাড়ের দীর্ঘসূত্রতা কমানো। বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাসে গড়ে ১১ দিন ৬ ঘণ্টা সময় লাগে। প্রকল্পের মাধ্যমে এ সময় ২৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গ্রিন চ্যানেলের মাধ্যমে পণ্য ছাড়ের হার প্রায় শূন্য থেকে বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পণ্য পরীক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ঝুঁকিভিত্তিক মূল্যায়ন ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে গুরুত্বপূর্ণ স্থল শুল্ক স্টেশনগুলোতে সরাসরি পণ্য পরীক্ষার হার বর্তমান প্রায় ২০ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাস্টমস কার্যালয় ও বন্দরে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন অন্তত ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

পণ্য ঘোষণাপত্র দাখিলের প্রথম দিনেই শুল্কায়ন সম্পন্ন করার হার বাড়ানোর লক্ষ্যও রয়েছে প্রকল্পে। আমদানি পণ্যের ক্ষেত্রে বর্তমান ৭১ শতাংশ থেকে তা ৮০ শতাংশে এবং রপ্তানি পণ্যের ক্ষেত্রে ৩৪ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল শুল্কায়ন, পণ্য বন্দরে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন এবং পণ্য খালাসের পর নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর কর্মসূচি এবং বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাতেও সংস্কার আনার উদ্যোগ রয়েছে।

দেশের শুল্কনীতি আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও প্রকল্পটি কাজ করবে। পাঁচ বছর মেয়াদি শুল্কহার যৌক্তিকীকরণ পরিকল্পনা বাস্তবায়ন এবং নামমাত্র সুরক্ষা হার ২০ শতাংশ কমানোর উদ্যোগেও সহায়তা দেওয়ার কথা রয়েছে এতে।

এদিকে স্থানান্তর প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে শরীফ আল আমিন জানান, ২৯ অক্টোবর চট্টগ্রাম কাস্টম হাউসে মোট ২ হাজার ৫৫৬টি আমদানি পণ্যের ঘোষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৭৮টি ছিল বন্ডেড ওয়্যারহাউস সুবিধাসংক্রান্ত, যা মোট ঘোষণাপত্রের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ। এসব কার্যক্রম ইতোমধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

কার্যক্রম স্থানান্তর ও নতুন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এনবিআর, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। বর্তমান ভবনে ব্যাংকিং সেবা দেওয়া সোনালী ব্যাংকের শাখাটিও পর্যায়ক্রমে অস্থায়ী কার্যালয়ে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি সম্পন্ন হলে শুধু চট্টগ্রাম কাস্টম হাউসের অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে সময় ও ব্যয় কমানো, রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles