Home Blog Page 9

দুর্গে দুর্গতি জাতীয় পার্টির, জয় মাত্র ৩টিতে

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দুর্গে চরম ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির (জাপা)। নানা নাটকীয়তার পর আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেও পরাজয় ঠেকাতে পারেনি দলটির বেশির ভাগ প্রার্থী। বিশেষ করে নৌকা না থাকা ২৬টি আসনে সমঝোতার পরও মাত্র ১১টিতে জয় পেয়েছে জাতীয় পার্টি। অন্য সব আসনের অধিকাংশতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে সংসদের প্রধান বিরোধী দলের প্রার্থীদের।
আসন সমঝোতার ২৬ আসনের মধ্যে রংপুর বিভাগে ছিল ৯টি। এর মধ্যে মাত্র ৩টি আসনে জিততে পেরেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। তারা হলেন— রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের, ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ এবং কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান।
বাকি ছয়জনের কেউই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম পাটোয়ারী এবং গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার হেরে গেছেন।
রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনের মধ্যে তারা মাত্র এই ৩টিতে জয় পেয়েছে। এসব আসনে নৌকা প্রতীক ছিল না বলেই জয় এসেছে। না হয় এগুলোতেও পরাজয় হতে পারত বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদবিহীন এ দলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। ভবিষ্যৎ রাজনীতিতে দলের অবস্থান নিয়ে শঙ্কিত তারা।
রংপুর জেলায় গত নির্বাচনে দুজন জয়ী হলেও এবার জাতীয় পার্টি থেকে কেবল জি এম কাদের জিতেছেন।
তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়ায় নৌকার প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের স্বতন্ত্রের কাছে নাস্তানুবাদ হয়েছেন এরশাদের ভাতিজা এবং সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ।
স্থানীয়রা বলছেন, দীর্ঘ ৩৭ বছর পর নাড়ির টানে স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছেন তারা। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর জয়ের মধ্য দিয়ে এ আসনে জাতীয় পার্টির ভবিষ্যৎ দুমড়ে-মুচড়ে পড়বে বলে মনে করছেন অনেকে।

পাকিস্তান থেকে অভিনন্দন বার্তা এলো গণভবনে

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পা‌কিস্তান। দেশটির নেতাদের এ অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান হাইক‌মিশনার।
ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন জানায়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হাইক‌মিশনার ৭ জানুয়া‌রি অনু‌ষ্ঠিত নির্বাচ‌নে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হা‌সিনা‌কে অভিনন্দন জানান এবং পাকিস্তানের নেতা‌দের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

যেভাবে গঠিত হবে নতুন মন্ত্রিসভা

0
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি স্থগিত রয়েছে। বাকি ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ।
এর আগের চারবারের মতো এবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিচ্ছেন— এ বিষয়ে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগে।
আজ (সোমবার) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত, রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট জারির পর তাদের শপথ পড়ানো হবে। এরপর সংসদ সদস্যরা বৈঠক করে সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো হবে। এরপর সংসদ সদস্যদের ভেতর থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। আর এর মধ্য দিয়েই নতুন সরকারের যাত্রা শুরু হবে।
মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন। যে সংসদ সদস্য, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।
কবে গঠিত হতে পারে?
আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে গঠিত হয়ে যাবে।
কেমন ছিল টানা ৩ মেয়াদের মন্ত্রিসভা?
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ২৬৩টি আসন পেয়ে সরকার গঠন করে।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরও ছয় জন যোগ হন। এরও দুই বছর ১০ মাস পর আরও দুজনকে মন্ত্রী করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো।
ওই বছরের ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। তখন অধিকাংশ পুরোনো মন্ত্রী বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ও আগের সরকারের সময় দলের বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সরকার গঠন করা হয়।
সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। পরে মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে, এ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসন পায়। বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি। তিনটি আসন পায় অন্যরা।
২০১৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার আকার হয় ৪৭ জনের। এর মধ্যে নতুন মুখ ছিলেন ৩১ জন। পাশাপাশি ২০০৮ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় ছিলেন এমন অনেকেও এই মন্ত্রিসভায় স্থান পান।

ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ (সোমবার) নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে লিখেছেন।
নরেন্দ্র মোদি লিখেছেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

পশ্চিম তীরে ভয়াবহ সহিংসতা, নিহত অন্তত ১১ ফিলিস্তিনি-ইসরায়েলি

0
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ও দুইজন ইসরায়েলি নাগরিক।
এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের একটি সমাবেশকে লক্ষ্য করে জেনিনে ওই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে চার ভাইও রয়েছেন।
ইসরায়েলি পুলিশ বলেছে, জেনিনে অভিযানের সময় তাদের ‘যানবাহনে… বিস্ফোরক ডিভাইস দিয়ে আঘাত করা’ হলে একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে গাড়িতে থাকা একটি ফিলিস্তিনি মেয়েকে হত্যা করেছে বলে ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইট ইকসা চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী গুলি চালালে রুকায়া আহমেদ ওদেহ জাহালিন নামের চার বছর বয়সী ওই মেয়ে শিশু নিহত হয়।

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ও শেখ হাসিনার জয়ের খবর

0
বহুল আলোচিত এবং প্রতিক্ষীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে সরকারপ্রধান হওয়ার অনন্য নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে এসেছে। আর রোববারের এই নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়ের পর সেই সংবাদও বেশ গুরুত্ব দিয়ে শিরোনামে এনেছে বিবিসি, রয়টার্স, আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ডসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং তার মিত্ররা ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২৩টিতে জয় নিশ্চিত করার পরে শেখ হাসিনা আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে চলেছেন।
প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করায়, শেখ হাসিনার দল এবং মিত্ররা বাকি আসনগুলোতেও জয়ী হবে বলে আগেই আশা করা হয়েছিল। বিএনপি এই নির্বাচনকে বানোয়াট বলে অভিযোগ করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪০ শতাংশেরও কম ভোটারের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও সমালোচকরা বলছেন, ভোটার উপস্থিতির এই হার বাড়িয়ে বলা হতে পারে। অবশ্য ২০১৮ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮০ শতাংশের বেশি।

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে

0
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল।
সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।
দ্বাদশ সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়া ও আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

নৌকার প্রার্থী হয়েও হারলেন যারা

0
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েও অনেকে পরাজিত হয়েছে। পরাজিত এসব প্রার্থীর মধ্যে বর্তমানে মন্ত্রী পদে রয়েছেন এমন ব্যক্তি রয়েছেন। এছাড়া অনেক পরিচিত মুখও নৌকার পাল তুলতে পারেননি। নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের কাছেই তাদের হারতে হয়েছে।
সদ্য অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমান সরকারের ক্ষমতাসীন মন্ত্রী পদে থেকে নৌকার টিকিট পেয়ে ভোটের মাঠে নেমে হেরেছেন অন্তত তিনজন প্রার্থী। তারা হলেন- বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী দুই বারের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী দুই বারের সংসদ সদস্য এনামুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তিনবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
এছাড়া নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ, টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৯৮ ভোট।
ঢাকা-৫ (ডেমরার একাংশ-মতিঝিলের একাংশ) আসনে মশিউর রহমান মোল্লা সজল নৌকার প্রার্থী হারুনর রশীদকে (মুন্না) পরাজিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৫০৩৩৪ ভোট পেয়েছেন।
ঢাকা-১৯ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ৮৪৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে নৌকা প্রতীকের ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৫৬৩৬১ ভোট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৭৬২০২ ভোট।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী মো. জাকারিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মো. জাকারিয়া পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।

আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রীকে চীনের অভিনন্দন

0
দ্বাদশ সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়া ও আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
একইসঙ্গে রাষ্ট্রদূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ওয়েন।
ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, চীনা নেতারা দীর্ঘ দিনের লালিত সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক বোঝাপড়া এবং গভীর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীনের কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।
রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে চীন এবং বাংলাদেশ উভয়ই একটি সংকটময় পর্যায়ে রয়েছে। উন্নয়ন আধুনিকায়নে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পাশে ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় চীন ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধার মডেল স্থাপন করেছে।
বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে চীন বিরোধিতা করে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে। চীন বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে। ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন বাংলাদেশকে সহায়তা করার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

ভোট প্রদানে কোনো ভয়-ভীতি হস্তক্ষেপ হয়নি: ওবায়দুল কাদের

0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনো প্রকার ভয়-ভীতি, হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলো বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়। পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসি বাস্তবায়িত না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়। নির্বাচনে সব ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই। খোদ যুক্তরাষ্ট্রে কতটা মানবতা, গণতন্ত্র প্রতিপালিত হয় সেটা সবাই জানে।
তিনি বলেন, আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছি এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। নির্বাচিনে ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। আশা করি এই নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী হবে। শেখ হাসিনার দৃঢ়তা, প্রজ্ঞা, সাহসিকতায় নৌকার পক্ষে রায় আসবে বলে মনে করি।

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ...

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

সর্বশেষ নিউজ

বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ

0
সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি (Culture of Peace) বিষয়ক ঘোষণা ও কর্মসূচির...

বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর

0
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে মালদ্বীপ সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের ৬১তম...

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

0
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, যানজট...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

0
তৈরি পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টর খাত বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনাময় চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে...

জোরপূর্বক শ্রম ইস্যুতে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশি পণ্যে মোট কার্যকর হার অন্তত ২৫ শতাংশ

0
জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের...