ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্য, প্রযুক্তি ও সেবাভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’

দীর্ঘ আড়াই বছর বিরতির পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্য, প্রযুক্তি ও সেবাভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’। আগামী ৫ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে তিন দিনব্যাপী এ আয়োজন। এর মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যাশা করছে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম)।

সোমবার (২ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে অ্যামচ্যাম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ৩০তম ইউএস ট্রেড শো।

আয়োজকদের মতে, এবারের প্রদর্শনী কেবল পণ্য প্রদর্শনের আয়োজন নয়, বরং দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও নতুন বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ খুঁজতে পারবেন।

অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে কাজ করছে চেম্বার। এ লক্ষ্য অর্জনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন মার্কিন কোম্পানিকে বাংলাদেশের বাজারে যুক্ত করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রদর্শনীর মাধ্যমে অন্তত ১০ থেকে ১২টি নতুন মার্কিন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা সম্ভব হলেও তা উল্লেখযোগ্য সাফল্য হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৬৩টি বুথে মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ৩৬টি কোম্পানি ও সাতটি স্টার্টআপ রয়েছে। বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। তাঁরা বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধান করবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। তিন দিনে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। ৫ থেকে ৭ নভেম্বরের পুরো আয়োজনের জন্য একটি পাসই যথেষ্ট। ইতোমধ্যে এক হাজারের বেশি দর্শনার্থী নিবন্ধন করেছেন।

এবারের ট্রেড শোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ছয়টি বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, নারীর নেতৃত্ব, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এসব সেমিনারে আলোচনা হবে। এতে নীতিনির্ধারক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

প্রদর্শনীর নতুন আকর্ষণ হিসেবে থাকছে খাতভিত্তিক বিশেষ জোন। বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংকিং, আর্থিক সেবা, তথ্যপ্রযুক্তি, ভোগ্যপণ্য, উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, শিক্ষা, উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসার প্রতিষ্ঠানগুলো সেখানে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে। পাশাপাশি স্টার্টআপগুলোর উদ্ভাবনী উদ্যোগ এবং নতুন ব্যবসায়িক ধারণা প্রদর্শনের জন্য আলাদা জোন রাখা হয়েছে।

বাংলাদেশের ঐতিহ্য ও দেশীয় পণ্যের প্রচারেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজকেরা। নকশিকাঁথা, জামদানি এবং দেশের অন্যান্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত পণ্য প্রদর্শন করা হবে। এ ছাড়া কার্নিভাল জোনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

অন্যদিকে, হেরিটেজ কর্নারে তুলে ধরা হবে ইউএস ট্রেড শোর তিন দশকের ইতিহাস এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এ আয়োজনের ভূমিকা। একই সঙ্গে এবারের প্রদর্শনী অ্যামচ্যামের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তির আয়োজন হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পল ফ্রস্ট, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন এবং কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদসহ চেম্বারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এবারের ইউএস ট্রেড শো বাংলাদেশে নতুন মার্কিন প্রতিষ্ঠানের প্রবেশ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও কার্যকর ও বহুমুখী করার ক্ষেত্রেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles