আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড (সভরেন বন্ড) ছাড়ার পরিকল্পনা করছে সরকার। প্রচলিত ঋণদাতা সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে উন্নয়ন অর্থায়নের বিকল্প উৎস তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য রয়েছে সরকারের। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ছাড়া হতে পারে। তবে বন্ডের আকার এবং এর মাধ্যমে কত অর্থ সংগ্রহ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে এ আন্তর্জাতিক ঋণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের জন্য ঋণের উৎস বাড়ানো জরুরি। বর্তমানে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতা সংস্থার ওপর যে নির্ভরতা রয়েছে, তা কমিয়ে বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি জানান, শুধু স্থানীয় বাজারে বন্ড ইস্যু করে উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে ডলারের প্রয়োজন হলে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের বিকল্প নেই। তাই বৈদেশিক মুদ্রার চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পরিকল্পনা করছে সরকার।

অর্থমন্ত্রী আরও জানান, নিউইয়র্কে ডলার বন্ড ইস্যু এবং হংকংয়ে বাংলাদেশকে কেন্দ্র করে একটি ইক্যুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের অভ্যন্তরীণ বাজারে সুকুক বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রচলিত ঋণব্যবস্থার বাইরে বিকল্প উৎস গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles