ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পরচুলা ও হেয়ার স্টাইলিং প্রশিক্ষণের উপকরণ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড। এ প্রকল্পে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
কারখানা স্থাপনের জন্য গত শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি।
বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে মোট ৩০০ জনের কর্মসংস্থান হবে। এর মধ্যে ২৯৫ জনই বাংলাদেশি নাগরিক। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে।
চুক্তি অনুসারে, কারখানায় বছরে ১ লাখ পিস এডুকেশনাল হেয়ার ম্যানিকুইন হেড তৈরি করা হবে। পণ্যগুলোর মধ্যে থাকবে অরিজিনাল, ক্যাপ, প্রিমিয়াম ও স্লিপ-অন সিরিজ। চুল কাটা, রং করা এবং বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল তৈরির প্রশিক্ষণে এসব কৃত্রিম মাথা ব্যবহার করা হয়।
বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও বিউটি সেলুনের প্রশিক্ষণের উপযোগী করে পণ্যগুলো তৈরি করা হবে। উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে ল’রিয়াল, ওয়েলা, কাও ও হ্যাঙ্কেলের মতো প্রসাধনী ও বিউটি ব্র্যান্ডের কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক হে ঝি লং স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়া এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। তিনি জানান, তৈরি পোশাকের বাইরেও বিভিন্ন খাতে মার্কিন ও অন্যান্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বেপজা কাজ করছে। কারখানা স্থাপন থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। আরও আটটি প্রতিষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ইপিজেডটিতে মোট ২৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। এসব প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশির সংখ্যা ২০ হাজার ৯২৮ জন।
বর্তমানে ঈশ্বরদী ইপিজেডের চারটি প্রতিষ্ঠান টুপি, পরচুলা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন করছে। নতুন মার্কিন বিনিয়োগের ফলে এ অঞ্চলে এ ধরনের শিল্পের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর প্রচেষ্টাও এগিয়ে যাবে।





